দাপ্তরিক ও প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৫৩ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত ‘ইনসিগনিয়া ও প্রশংসাপত্র প্রদান’ অনুষ্ঠানে এসব সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে তাকে সশ্রদ্ধ অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর নির্বাচিত ৫৩ কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন মহাপরিচালক।
সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি এবং উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান অনুষ্ঠানে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পরে বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। তিনি মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও গৃহীত প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং অধিদপ্তর ও ট্রেনিং কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।