মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৩:৪৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৩:৪৬:৫৭ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রম শুরু হয়েছে। ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ ক্যাম্পেইনে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অংশগ্রহণকারীদের রং, ব্রাশসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে ডিএনসিসি।

শুক্রবার (৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণের জন্য তিনি ৭২ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেছিলেন। স্থানীয় নেতাকর্মীদের, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই পোস্টার অপসারণ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস রচনায় যাঁরা আত্মত্যাগ করেছেন ও অবদান রেখেছেন, তাঁদের স্মৃতি মানুষের মনে ধরে রাখতে মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পেছনে তাঁর অবদান সবচেয়ে বেশি বলে মন্তব্য করেন তিনি। এ কারণে মেট্রোরেলের পিলারে খালেদা জিয়ার ছবিও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের পাশাপাশি ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অবদানও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হবে। তাঁর ভাষ্য, এ উদ্যোগের উদ্দেশ্য রাজনৈতিক প্রচার নয়; বরং ইতিহাসে যাঁদের যতটুকু অবদান রয়েছে, তা সংরক্ষণ করা।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০