আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি-২। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং বিসর্জনের দিন হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে।
শনিবার (১০ অক্টোবর) এসআরবি-২ সদর দপ্তরে পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সভায় দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির ২৭ জন প্রতিনিধি ও এসআরবি-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সদর দপ্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন, সার্বক্ষণিক হটলাইন সেবা চালু, পূজামণ্ডপকেন্দ্রিক নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপন এবং বিশেষ মোটরসাইকেল টহল পরিচালনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারিও থাকবে।
এ ছাড়া সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকবে। বিসর্জনের দিন এসআরবি-২-এর পক্ষ থেকে দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে বলেও সভায় জানানো হয়। জরুরি প্রয়োজনে এসআরবি-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯-এ যোগাযোগ করতে পারবেন পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা।
সভায় পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা জানান, বেশ কিছু পূজামণ্ডপ মসজিদের পাশে অবস্থিত। এসব স্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তাঁরা। পাশাপাশি কয়েকটি পূজামণ্ডপের আশপাশে তীব্র যানজটের বিষয়টি তুলে ধরে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জবাবে এসআরবি-২-এর অধিনায়ক বলেন, কোনো দুষ্কৃতকারী বা স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করে আইনের আওতায় আনা হবে। যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
নয়মুল হাসান বলেন, “বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা বৈচিত্র্যকে সম্মান করি।”
পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে হটলাইনে অথবা সরাসরি অধিনায়কের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে বলেও আশ্বস্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে এসআরবি-২ পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে।