নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:১০:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:১০:২৫ পূর্বাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং পরবর্তী সরকার গঠনে নিজেদের শর্ত বাস্তবায়নে আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জোটটির নেতা ইউসুফ জাবারিন। তিনি বলেছেন, সরকার পরিবর্তনে সম্ভাব্য সব রাজনৈতিক ও সংসদীয় উপায় ব্যবহার করবেন তাঁরা। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (১০ অক্টোবর) নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বক্তৃতায় জাবারিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের জোট সরকারের বিকল্প সরকার গঠনে জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

আসন্ন নির্বাচনকে নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা ও উসকানিমূলক আচরণের অভিযোগ করেন।

রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে জাবারিন বলেন, আরব সমাজের দাবির ভিত্তিতে গঠিত জয়েন্ট লিস্ট বিভিন্ন দল ও রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে বৃহত্তর ঐক্যের প্রতীক। এই ঐক্য আরব নাগরিকদের রাজনৈতিক দরকষাকষির সক্ষমতা বাড়িয়েছে। তাঁদের প্রধান অগ্রাধিকার হলো আরব জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা।

জাবারিনের ভাষ্য অনুযায়ী, তাঁদের দাবির মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়সীমা, বাজেট ও তদারকি ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন; বাড়িঘর ভাঙার কার্যক্রম বন্ধ; মাস্টারপ্ল্যান অনুমোদন; তরুণ দম্পতিদের জন্য জমির ব্যবস্থা এবং নেগেভ অঞ্চলের স্বীকৃতিহীন আরব গ্রামগুলোকে স্বীকৃতি দেওয়া।

তিনি বলেন, যারা জয়েন্ট লিস্টের সমর্থন চাইবে, তাদের এসব দাবি নিয়ে আলোচনা করতে হবে। গাজায় ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড এবং পশ্চিম তীরে সহিংসতা নিয়েও জোটটি নীরব থাকবে না বলে জানান তিনি। একই সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা, নির্যাতন, আজানে বাধা এবং গির্জা ও ধর্মযাজকদের ওপর হামলার নিন্দা জানান।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ৯ অক্টোবর প্রকাশিত একটি ইসরায়েলি জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের ক্ষেত্রে ইহুদি বিরোধী দলগুলোকে আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে। তবে জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইহুদি নাগরিক পরবর্তী সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০