হলিউডকে বাঁচাতে যে উদ্যোগ আমেরিকার

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:৪৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:৪৭:৩৪ অপরাহ্ন

ইউরোপ ও কানাডার আকর্ষণীয় কর সুবিধার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে চলে যাচ্ছিল হলিউডের বড় বড় প্রযোজনা। এতে চাপে পড়েছে মার্কিন বিনোদনশিল্প, কর্মহীন হয়ে পড়েছেন হাজারো মার্কিন কর্মী।

গত সেপ্টেম্বরে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সংকট এবং দেশের বাইরে প্রযোজনা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে সরকারি প্রণোদনা চালুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কংগ্রেসকে দ্রুত আইন পাসের আহ্বান জানান তিনি। এবার তাঁর আহ্বানে সাড়া দিয়ে এ বিষয়ে একটি বিল পাসের উদ্যোগে একমত হচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি নাথানিয়েল মোরান বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গল্প বলার ঐতিহ্যকে বিদেশি সংস্কৃতির প্রভাবে বিকৃত হতে দেওয়া উচিত নয়। ছোটবেলা থেকে আমেরিকার গল্প তাঁকে অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী প্রজন্মও যেন দেশের নিজস্ব গল্পের সঙ্গে পরিচিত হতে পারে, সেটি তিনি চান।

মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপিত ‘মোশন পিকচার, টেলিভিশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিভাইটালাইজেশন অ্যাক্ট’ নামের বিলটিতে যুক্তরাষ্ট্রের মাটিতে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় শুটিংয়ের ব্যবস্থা গড়ে তুললে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত আর্থিক প্রণোদনা পেতে পারে।

মোরানের ভাষ্য, আমেরিকার গল্প শুধু ক্যালিফোর্নিয়া কিংবা নিউইয়র্কের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না; এর পরিধি ছড়িয়ে দিতে হবে পুরো দেশে।

বিলটি নিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ এবং তাঁর ঘনিষ্ঠ রিপাবলিকান সিনেটর টিম স্কট যৌথভাবে উদ্যোগটি এগিয়ে নিতে কাজ করছেন। হলিউডের সংকট মোকাবিলায় দুই রাজনৈতিক শিবিরের আইনপ্রণেতারা একসঙ্গে কাজ করছেন।

নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি টম সুওজিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, নিজ রাজ্যেও দক্ষ কর্মীদের ভালো বেতনের চাকরি বিদেশে চলে যাচ্ছে। তিনি বলেন, এসব চাকরি দেশে ধরে রাখার বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষ একমত হয়েছে।

তবে বিলটির সমালোচনাও রয়েছে। সমালোচকদের একাংশের প্রশ্ন, দীর্ঘদিন ধরে উদারপন্থী রাজনীতির কেন্দ্র হিসেবে পরিচিত হলিউডকে কেন বিশেষ কর ছাড় দেওয়া হবে?

এর জবাবে মোরান বলেন, টেক্সাসের মতো অঙ্গরাজ্যে দেশপ্রেম, রক্ষণশীল মূল্যবোধ ও স্থানীয় সংস্কৃতিভিত্তিক কনটেন্ট তৈরি হচ্ছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে নতুন আইন পাস করা কঠিন হতে পারে। তবে আইনপ্রণেতাদের একাংশ কংগ্রেসের বিদায়ী অধিবেশনে বিলটি পাসের বিষয়ে আশাবাদী।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০