কুমিল্লার দাউদকান্দিতে ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাতনামা গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে হরিপুর মসজিদের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে তাঁরা সড়কের পাশে ছিটকে পড়েন।
প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাঁদের পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাতনামা গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।