সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:১০:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:১০:০১ পূর্বাহ্ন

সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জজকোর্টের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাতক্ষীরায় সম্প্রতি মেলার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগও তোলেন। তাঁদের দাবি, এসব টাকা কারা আদায় করছে, তা দ্রুত প্রকাশ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে মেলা বন্ধের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, জেলার অধিকাংশ ডিলারশিপ পেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তাঁরা আরও বলেন, এ ধরনের নিয়োগের কারণে স্থানীয় কৃষকেরা সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়তে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার উদ্দেশ্যে এ ধরনের অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এ পরিস্থিতিতে কৃত্রিম সার সংকট তৈরি হতে পারে। মানববন্ধনে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো সার ডিলার নিয়োগপ্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০