দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমাতেও নিয়মিত কাজ করছেন তাঁরা। তবে দুজনকে একসঙ্গে পর্দায় খুব বেশি দেখা যায়নি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমের ভূয়সী প্রশংসা করেছেন জয়া আহসান। এই অভিনেতার অভিনয়ে মুগ্ধ জয়া তাঁকে ‘ম্যাজিশিয়ান’ বলে অভিহিত করেছেন।
মোশাররফ করিমের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা প্রকাশ করে জয়া আহসান বলেন, “মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।”
মোশাররফ করিমকে নিজের ভীষণ পছন্দের একজন গুণী অভিনেতা উল্লেখ করে জয়া বলেন, “আমরা একসঙ্গে একটা টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।”
উল্লেখ্য, ২০১১ সালে ঈদুল ফিতরে প্রচারিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও জয়া আহসান। নাটকটি পরিচালনা করেছিলেন ইশতিয়াক আহমেদ রুমেল।
প্রচারের পর নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এখনো ইউটিউবে নাটকটি দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটি দেখে দর্শকেরা দুই অভিনয়শিল্পীর প্রশংসা করেন।