জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচনায় এসেছিলেন আবেদ আলী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
সিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে তাঁর নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছেন আদালত।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, আসামির বয়স বিবেচনায় নিয়ে আদালত এ সাজা দিয়েছেন। রায় ঘোষণার আগে সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা জারি করে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।
গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
একই বছরের ৩০ ডিসেম্বর তদন্ত শেষে সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় বলে জানায় দুদক।
এর আগে ২০ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।