শিশু সানি অপহরণের ১৫ ঘন্টা পর উদ্ধার, দুলাভাই আটক

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:১৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:১৬:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জ শহরতলির পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকা থেকে অপহরণের অভিযোগ ওঠার প্রায় ১৫ ঘণ্টা পর সানি নামে সাত বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দুলাভাই জিহানকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে অপহরণ করা হয়।

শিশুটির মা আনু বেগমের অভিযোগ, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৪-৫ জনের একটি দল পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ঘরে প্রবেশ করে তাঁর ছেলে সানিকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মা।

পরে স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে পরিবারের সূত্র ধরে শিশুটির দুলাভাই জিহানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জিহান শিশুটিকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার শাহাপুর গ্রামে জিহানের বোনের বাড়ি থেকে সানিকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জিহান একই এলাকার আজিজুর রহমান ওরফে মুখো মিয়ার ছেলে। প্রায় পাঁচ বছর আগে তিনি মৃত জাহাঙ্গীর মিয়ার মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তাঁর স্ত্রী সৌদি আরবে চলে যান। প্রথমদিকে তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও পরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী স্বামীকে টাকা দেওয়া বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রের দাবি, ওই বিরোধের জেরেই সানিকে অপহরণ করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০