পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৪৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৪৩:১৭ অপরাহ্ন

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে মসজিদে আগুন দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ সময় মসজিদের বাইরের দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগানও লিখে যায় তারা। বুধবার (১৫ অক্টোবর) মিখমাস গ্রামে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সূত্র ও ইসরাইলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মসজিদটির কাছেই বসবাস করেন ফিলিস্তিনি বাসিন্দা আত্তা কানান। তাঁর বাড়ি মসজিদ থেকে মাত্র ৫০ মিটার দূরে। কানান এএফপিকে জানান, বুধবার মধ্যরাতের কিছুক্ষণ পর কাচ ভাঙার শব্দ শুনে তিনি দ্রুত মসজিদটির দিকে ছুটে যান।

কানান বলেন, ‘মসজিদে তখন দাউদাউ করে আগুন জ্বলছিল। আমরা দ্রুত দমকল বাহিনীকে খবর দিই। স্থানীয় তরুণেরা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ছুটে আসেন। তাঁদের সহায়তায় আগুনের একটি অংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তা না হলে আগুনে পুরো মসজিদ পুড়ে যেত।’

এএফপির ভিডিওচিত্রে দেখা গেছে, আগুনে মসজিদের ভেতরের কার্পেট পুড়ে গেছে এবং দেয়ালগুলো কালো হয়ে গেছে।

এএফপির এক সাংবাদিক জানান, মসজিদের বাইরের দেয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। এর মধ্যে একটি স্লোগানে লেখা ছিল, ‘আমরা চুপ আছি বলে ভেবো না যে আমরা ঘুমিয়ে আছি।’

স্থানীয় বাসিন্দা কানানের দাবি, হামলাকারীরা একটি গাড়িতেও আগুন দিয়েছে।

কানান জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বসতি স্থাপনকারীদের হামলার আশঙ্কায় মিখমাস গ্রামের বাসিন্দারা রাতের বেলায় পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। বিশেষ করে গ্রামের প্রান্তে অবস্থিত বাড়িগুলোতে আগুন দেওয়া হতে পারে—এমন আশঙ্কায় স্থানীয় তরুণেরা রাত জেগে নজরদারি করছেন।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, মসজিদে আগুন দেওয়া, দেয়ালে স্লোগান লেখা এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করার খবর পাওয়ার পর সেনাসদস্যদের মিখমাস গ্রামে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে বাহিনী।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০