কৃষিমন্ত্রী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক যে ধর্মেরই হোন না কেন, রাষ্ট্র তাদের সমানভাবে নিরাপত্তা প্রদান করবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর মন্দিরে রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, যুগে যুগে একটি মহল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে কুমিল্লাসহ সারা দেশে রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেছে। তবে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। পাশাপাশি জগন্নাথপুর মন্দিরের উন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
রথযাত্রার উদ্বোধন ও আলোচনা সভায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।