তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:২৫:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:২৫:১৪ পূর্বাহ্ন

কুমিল্লার স্কুলছাত্রী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে কক্সবাজারে ধর্ষণ মামলা

কুমিল্লার চাঞ্চল্যকর স্কুলছাত্রী জান্নাতুন তাজমিন হত্যা মামলার ঘটনায় কক্সবাজারের কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।

স্থানীয় এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

মামলার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, প্রতারণার মাধ্যমে তাজমিনকে কক্সবাজারে নিয়ে যান রাজু। গত ৬ অক্টোবর তারা একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন। তার দাবি, ভালোবাসার সম্পর্কের আড়ালে তাজমিনকে ধর্ষণ করা হয়েছে।

আবেদনে তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। সেখানে উল্লেখ করা হয়, রাজু প্রতারণা করে তাজমিনকে কক্সবাজারে না আনলে পরবর্তী সময়ে এমন মর্মান্তিক পরিণতি নাও ঘটতে পারত।

এর আগে গত ১১ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০