প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। বিমানবন্দর সড়কসহ শহরের বিভিন্ন সড়কে রং করা, ব্যানার-ফেস্টুন টাঙানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খানাখন্দ সংস্কারের কাজ চলছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথকে ঘিরে শহরজুড়ে চলছে সাজসজ্জা।
আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর পর্যন্ত যাতায়াতের পথ প্রস্তুত করা হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কের পাশে বিভিন্ন স্থানে রং করা হচ্ছে। টাঙানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। একই সঙ্গে সড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং বিভিন্ন স্থানের খানাখন্দ সংস্কার করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরে যাবেন প্রধানমন্ত্রী। এ জন্য সৈয়দপুর উপজেলা পরিষদ সড়ক হয়ে বাস টার্মিনালসংলগ্ন পথসহ যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা হচ্ছে। কোথাও কোথাও ময়লার স্তূপ বালু ও মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ ঘিরে শহরের বিভিন্ন সড়কে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা।
এ বিষয়ে রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুরে যাবেন। সেখানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে তাঁকে শুভেচ্ছা জানানোর
রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন। তাঁর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে তাঁরা প্রস্তুত।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌর এলাকার ওপর দিয়ে রংপুরে যাবেন। এ উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে রং করা, ডিভাইডার মেরামত এবং ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ চলছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।