ইসরায়েল থেকে আসা ফ্লাইটে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১১:১৪:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১১:১৪:১৬ পূর্বাহ্ন

ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বোমা হামলার হুমকি পাওয়ার পর বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার (১৮ অক্টোবর) বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছে থাকা অবস্থায় উড়োজাহাজটির কর্মীরা বোমা হামলার হুমকি পান। এরপর তাঁরা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে সোফিয়া বিমানবন্দর পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে যায়।

পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাই বিমান থেকে নেমেছেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হলে যত দ্রুত সম্ভব যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি মোকাবিলায় একটি জরুরি প্রতিক্রিয়া দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিমান চলাচল ও ফ্লাইট পর্যবেক্ষণবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ৮২ নম্বর ফ্লাইটটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ছেড়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী আরেকটি প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, বিমানটি স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে দক্ষিণ দিকে মোড় নিয়ে বুলগেরিয়ার দিকে ফিরে যায়।

এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রায় একই সময়ে বিমানটি ৭৭০০ স্কোয়াক কোড সংকেত পাঠাচ্ছিল, যা সাধারণত জরুরি পরিস্থিতি নির্দেশ করে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০