চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন খাদে পড়ে নিহত ১, আহত ২

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা শহরতলির নুরনগরে গরুবাহী স্যালোমেশিনচালিত অবৈধ যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন যানটির চালক তারাচাঁদ ও শিপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল উদ্দিন গরুর ব্যবসা করতেন। রোববার (১৮ অক্টোবর) বিকেলে তিনি মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন। পথে নুরনগর মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলালের মৃত্যু হয়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন।

যানটির চালক তারাচাঁদ বলেন, ১১টি গরু নিয়ে তাঁরা তিনজন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা হয়েছিলেন। ভোররাতে হঠাৎ ঘুম চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারান এবং যানটি সড়কের পাশের একটি ডোবায় পড়ে যায়।

পুলিশ নিহতের সঙ্গে থাকা নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মুঠোফোন ও গরুর বৈধ চালান উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০