নবজাতক সন্তানকে বিক্রি করে নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১২:১৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১২:১৬:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে দুই দিন বয়সী এক নবজাতককে ৩০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে শিশুটির বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে। পরে শিশুটিকে অন্যত্র বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগও উঠেছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মিরপুর থানায় সন্তান নিখোঁজের অভিযোগ করেন আলাউদ্দিন। পরে পরিবারের সদস্যদের কথাবার্তায় অসংগতি পেয়ে জিজ্ঞাসাবাদ করা হলে নবজাতক বিক্রির বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ।

ওই দিন রাতে অভিযোগের ছয় ঘণ্টার মধ্যে উপজেলার নওদা খাদিমপুর গ্রামে পল্লিচিকিৎসক আনিসের বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, আলাউদ্দিন, তাঁর স্ত্রী সিমা খাতুন ও পরিবারের কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতায় ৩০ হাজার টাকায় শিশুটিকে আনিসের কাছে দেওয়া হয়। পরে শিশুটির দুই ফুফু তাকে প্রায় দুই লাখ টাকায় অন্যত্র বিক্রি করা সম্ভব বলে জানান। এরপর বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিখোঁজের নাটক সাজানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তবে আনিসের দাবি, নিঃসন্তান হওয়ায় শিশুটিকে লালন-পালনের উদ্দেশ্যে তিনি নিজের কাছে নিয়েছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতককে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০