সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১২:৪৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১২:৪৮:২৬ অপরাহ্ন

সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দল সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক—দুটো প্রক্রিয়াই দরকার। এ ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে।’

বিরোধী দল এ বিষয়ে সরকারকে সহযোগিতা করছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা এটিকে সংবিধান সংস্কার হিসেবেও দেখতে পারত। বিরোধীদলীয় নেতা বলেছেন, তাঁরা সরকারকে সহযোগিতা করবেন না। তবে আমরা চাই, তাঁরা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিফলক উন্মোচন জাতীয় অনুপ্রেরণার বিষয়। জুলাই গণঅভ্যুত্থান এক দিনে হয়নি। এ জন্য ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে জুলাইয়ের স্মৃতি জাগরুক রাখতে হবে। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতেও জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।

সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে চায় বলেও জানান সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা নিয়েই কাজ করছেন, কারণ তিনি জুলাইয়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। সরকার কাজের মাধ্যমেই এর প্রমাণ দেবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০