ভালো চাকরির প্রলোভনে সৌদি পাঠিয়ে জিম্মি, প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১১:২২:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১১:২২:৩০ পূর্বাহ্ন

শেরপুরে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়া এবং পরে এক ব্যক্তিকে জিম্মি করে রাখার অভিযোগে দায়ের করা মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লাভলু মিয়া ওই এলাকার জয়তুল্লাহর ছেলে। এ মামলার অন্য দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এ জন্য সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি।

পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়। এ অবস্থায় সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে তাঁর পরিবার লাভলু মিয়ার সঙ্গে যোগাযোগ করে। তখন সাইফুলের পরিবারের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন লাভলু। দাবিকৃত টাকা না দেওয়ায় সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, লাভলু মিয়ার লোকজন তাঁকে জিম্মি করে রাখেন।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাভলু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০