২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:৩৪:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:৩৪:৪২ পূর্বাহ্ন

বগুড়ায় টহল পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামের পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২৮ মামলার আসামি রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন ব্যাপারী (২৯) চেলোপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় রতনের বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে টহল দেওয়ার সময় কয়েকজনকে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে দেখেন পুলিশ সদস্যরা। এ সময় তাঁদের মধ্য থেকে রতনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, রতনকে গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে থাকা লোকজন ও আশপাশে থাকা স্বজনেরা পুলিশের ওপর চড়াও হন এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এএসআই উজ্জ্বল আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রতন ব্যাপারীকে থানায় নেওয়া হয়। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০