খুলনা নগরীতে গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেন থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশে নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল পাওয়া যায়।
নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রাজ্জাক।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকায় খাদিমুল উলুম মাদ্রাসার সামনে রক্তের দাগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, সেখানে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন পড়ে যান। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসেন বলে ওই সূত্রের দাবি।
সূত্রটির দাবি, আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে দুর্বৃত্তরা তুষারকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর পিঠে গুলি লাগে। পরে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। তবে হত্যাকাণ্ডের কারণ, হামলাকারীদের পরিচয় এবং মাদ্রাসার সামনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুষার হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।