শিল্পী আসিফের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:১৮:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:১৮:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্ত। এ ঘটনায় গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে জানান, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালান। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

পুলিশ জানায়, ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। গুলির শব্দ শুনে তিনি নিচে নেমে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউকে সন্দেহ করছেন কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেননি আসিফ আকবর বলে জানিয়েছে পুলিশ। তিনি নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশকে আসিফ আকবর জানিয়েছেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০