নারকেল পাড়া নিয়ে হামলায় প্রাণ গেল কিশোরের

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:২৭:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:২৭:০৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারকেল পাড়তে গিয়ে দিদারুল আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নারকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মাহিদ মিয়া নামে এক যুবক তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মারা যায় দিদারুল।

দিদারুল উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের আল আমিনের ছেলে।

নিহতের চাচা স্বপন মিয়ার ভাষ্য অনুযায়ী, বুধবার প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নেন। দিদারুল নারকেল পাড়ার প্রস্তুতি নেওয়ার সময় রুনা আক্তারের ভাতিজা মাহিদ মিয়া সেখানে এসে তাকে নারকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে রুনা আক্তারের সঙ্গে মাহিদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে মাহিদ দিদারুলের কাছে জানতে চান, সে কেন নারকেল পাড়তে এসেছে। জবাবে দিদারুল জানায়, তার চাচি রুনা আক্তারই তাকে ডেকে এনেছেন। এরপর মাহিদ তাকে নারকেল পাড়তে নিষেধ করেন এবং নিষেধ না মানলে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ করেন স্বপন মিয়া।

স্বপন মিয়ার বর্ণনা অনুযায়ী, দিদারুল বাড়ির দিকে রওনা হলে উত্তেজিত মাহিদ সঙ্গে থাকা ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে দিদারুল গুরুতর আহত হয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০