ঢালিউড অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। এবারের জন্মদিনের প্রথম প্রহর সন্তানদের সঙ্গে ঘরোয়া পরিবেশে উদ্যাপন করেছেন তিনি। বিশেষ মুহূর্তের সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন এ অভিনেত্রী।
শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে লাল রঙের গাউন পরা অভিনেত্রীকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। এ সময় তাঁর পাশে ছিল দুই সন্তান—ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়ম।
কেকের ওপর জ্বলছিল মোমবাতি। জন্মদিনের সেই মুহূর্তে মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তান। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
লাল হৃদয় ও ফুলের ইমোজি দিয়ে ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’
ভিডিওটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তটিরও প্রশংসা করছেন।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে তাঁর দুই সন্তান বিশেষ জায়গা জুড়ে রয়েছে। এবারের জন্মদিনের শুরুতেও সন্তানদের সঙ্গেই সময় কাটাতে দেখা গেল তাঁকে।
এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদ্যাপন করে আলোচনায় এসেছেন পরীমনি। তবে এবার জাঁকজমকের বদলে সন্তানদের সঙ্গে ঘরোয়া আয়োজনে জন্মদিনের প্রথম প্রহর উদ্যাপন করলেন এ অভিনেত্রী।