রোগী সেজে হাসপাতালে এসে স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৭

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:৩৪:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:৩৪:৪০ পূর্বাহ্ন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে চিকিৎসা নিতে আসা নারীদের স্বর্ণালংকার চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মোট ওজন ছিল ১৭ আনা।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর) বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ নম্বর ধরমন্ডল ইউনিয়নের জুয়েল মিয়ার স্ত্রী আমেনা খাতুন (২৫), একই এলাকার মো. আমির হোসেনের স্ত্রী সালমা প্রকাশ তানিয়া বেগম (২৫), মো. তোফাজ্জল হোসেনের স্ত্রী অজুফা বেগম (২৫), মো. জুনাইদের স্ত্রী মোসাম্মৎ হালিমা (৩০), বাবু মিয়ার স্ত্রী মোসাম্মৎ শানজিলা প্রকাশ সাদিয়া (২৩), মো. রাজুর স্ত্রী তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ফজলুল হকের স্ত্রী আমিনা খাতুন (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ১০ থেকে ১১ জনের একটি নারী দল রোগী সেজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ায়। এ সময় তারা ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, এই সুযোগে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলা থেকে মোট ১৭ আনা ওজনের স্বর্ণের চেইন চুরি করা হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দলটির সাত সদস্যকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আব্দুল মোত্তালেন বলেন, হাসপাতালে আসা রোগীরা টিকিট নিতে লাইনে দাঁড়ালে চক্রের নারী সদস্যরা ইচ্ছাকৃতভাবে ভিড় তৈরি করে কয়েকজন নারীর গলার স্বর্ণের চেইন চুরি করেন। বিষয়টি দেখে তাঁদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য মো. শামীম বলেন, বহির্বিভাগের টিকিট কাউন্টারে রোগীদের স্বর্ণালংকার চুরির ঘটনায় স্থানীয়দের সহায়তায় সাত নারীকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে তিন নারীর স্বর্ণের চেইন চুরির ঘটনায় সাত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যরা পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা বিভিন্ন মেলা, সমাবেশ ও বাজারের মতো জনসমাগমপূর্ণ স্থানে ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণের চেইন চুরি করেন। তাঁদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। জোরারগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, হাসপাতালের বহির্বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট থাকায় রোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০