উলটো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৭:৪২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৭:৪২:২৯ অপরাহ্ন

উলটো রথ টানার মধ্য দিয়ে শুক্রবার (২৪ জুলাই) সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। এর আগে গত ১৬ জুলাই শুরু হওয়া নয় দিনব্যাপী এই উৎসব নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়।

সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব ‘জগতের নাথ’ বা বিশ্বজগতের অধীশ্বর। ভক্তদের বিশ্বাস, তার কৃপা লাভ করলে মোক্ষ বা মুক্তিলাভ সম্ভব। এই বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর বিগ্রহ রথে অধিষ্ঠিত করে রথযাত্রা ও উলটো রথযাত্রার আয়োজন করা হয়।

উলটো রথযাত্রা উপলক্ষে শুক্রবার দেশের বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। সকালে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, ভাগবত পাঠ ও আলোচনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই হাজারো ভক্তের সমাগম ঘটে। শতাব্দীপ্রাচীন ঐতিহ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে সেখানে উদযাপিত হয় উলটো রথযাত্রা।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, ভাগবত আলোচনা, ভজন-কীর্তন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য রথ শোভাযাত্রা এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে দুপুর ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ইসকন স্বামীবাগ আশ্রমের উদ্দেশে বর্ণাঢ্য উলটো রথ শোভাযাত্রা বের হয়। শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীকে তিনটি সুবৃহৎ রথে অধিষ্ঠিত করে শোভাযাত্রাটি পলাশী মোড়, জগন্নাথ হল, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, কার্জন হল, হাইকোর্ট, জাতীয় প্রেস ক্লাব, মতিঝিল, শাপলা চত্বর, দৈনিক ইত্তেফাক, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও দয়াগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়।

খোল-করতালের সুর, হরিনাম সংকীর্তন ও ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শোভাযাত্রা। নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী হাজারো ভক্ত এতে অংশ নেন। পাশাপাশি অসংখ্য দর্শনার্থী রথে ফুল অর্পণ করে প্রার্থনা করেন এবং শোভাযাত্রার বিভিন্ন স্থান থেকে উৎসব উপভোগ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ধর্মীয় আলোচনা, ভাগবত পাঠ, ভজন-কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০