আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দিবসটিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ও চেকপোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট পরিচালনা জোরদার থাকবে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে দায়িত্ব পালন করবেন।
যেসব স্থানে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।
এ ছাড়া সিটিএসবি ও আইএডি ইউনিটের সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবেন। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।
ডিএমপির নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য, র্যাব ও সিআইডির সদস্যরাও যৌথভাবে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে উপস্থিত থাকবেন।
ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানিয়েছেন, ৫ আগস্ট উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।