৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৮:৪২:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৮:৪২:২৫ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মজিব উদ্দিন সেলিম পাটগ্রামের মমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী এবং মৃত আজিজুল হকের ছেলে। স্থানীয়ভাবে তিনি ওই শিশুর প্রতিবেশী দাদা হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মোবাইল দেখানোর কথা বলে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যান মজিব উদ্দিন। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে পালিয়ে থাকা অবস্থায় মজিব উদ্দিনকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে হাতীবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০