২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে?

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৩:৩৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৩:৩৫:৪১ অপরাহ্ন

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চন্দ্রভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে রমজান শুরু হওয়ায় প্রতি বছর গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে এর তারিখ পরিবর্তিত হয়।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে রমজানের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

ইসলামী হিজরি ক্যালেন্ডারে রয়েছে ১২টি মাস। একটি চন্দ্রবর্ষ সাধারণত ৩৫৪ দিনের হওয়ায় এটি গ্রেগরিয়ান সৌরবর্ষের তুলনায় প্রায় ১১ দিন কম। ফলে প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান সাধারণত ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

রমজানের চাঁদ কবে দেখা যেতে পারে?

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার রমজানের নতুন চাঁদ দেখার পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে ২৯ শাবানে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি অঞ্চল থেকে নতুন চাঁদ দেখা সম্ভব নাও হতে পারে। কারণ, ওই দিন চাঁদ সূর্যের আগে অস্ত যেতে পারে অথবা সূর্যাস্তের পর চাঁদের অবস্থান পর্যবেক্ষণের অনুকূলে নাও থাকতে পারে।

এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে চাঁদ দেখার ভৌগোলিক অবস্থান ও ধর্মীয় সিদ্ধান্তের পার্থক্যের কারণে বিভিন্ন দেশে রমজান শুরু এক দিন এদিক-সেদিক হতে পারে।

ঈদুল ফিতর কবে হতে পারে?

হিজরি শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। ফলে রমজান ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করবে ঈদের তারিখ।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ মার্চ সোমবার সন্ধ্যায় অথবা ৯ মার্চ মঙ্গলবার শাওয়ালের নতুন চাঁদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

৮ মার্চ রমজানের ২৯তম দিনে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন, অর্থাৎ ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হতে পারে। আর সেদিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ঈদ হতে পারে ১০ মার্চ বুধবার।

তবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে সংশ্লিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০