বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১২:২৩:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১২:২৩:৩৬ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে স্তন অপসারণের অস্ত্রোপচার (ম্যাসেকটমি) করানোর কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তাকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর ৬ সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু হয় বলে পারিবারিক ও স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহত রোজি আক্তার লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে। রোববার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সন্ধ্যার মধ্যেই তাকে দাফন করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো পোশাক পরতেন ও জীবনযাপন করতেন। গত কয়েক বছর ধরে ঢাকার যাত্রাবাড়ীর জেমিনী ওরফে জেনিফা আক্তার নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। লিজা পুরুষে রূপান্তরিত হয়ে জেনিফাকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ উদ্দেশ্যে তিনি ঢাকায় হরমোন-সংক্রান্ত চিকিৎসাও নিচ্ছিলেন বলে দাবি করা হয়েছে।

জেনিফা আক্তার জানান, লিজার বাবা-মায়ের দেওয়া দেড় লাখ টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর তাকে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ‘সরফরাজ’ নাম ব্যবহার করে তাকে পুরুষ রোগী হিসেবে ভর্তি করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

জেনিফার ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের আগে সম্মতিপত্রে লিজার ‘স্ত্রী’ পরিচয়ে তিনি স্বাক্ষর করেন। তবে এ বিষয়ে লিজার বাবা আব্দুর রব হাওলাদার বলেন, জেনিফার স্বাক্ষরে অস্ত্রোপচার করা হবে—এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি হাসপাতালে লিজাকে ‘সরফরাজ’ নামে ভর্তি করা হয়েছিল বলেও মৃত্যুর পর জানতে পেরেছেন।

লিজার মা ফজিলা বেগম বলেন, তার মেয়ে ছোটবেলা থেকেই কোনো পুরুষকে পছন্দ করতেন না এবং ছেলেদের সঙ্গে সংসার করার আগ্রহও ছিল না। লিজার পরিকল্পনার বিষয়ে তিনি জানতেন বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে রোগীর নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তারা সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যুর কারণ, চিকিৎসা প্রক্রিয়া এবং হাসপাতালে রোগীর পরিচয় ও সম্মতিপত্রসংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসা-সংক্রান্ত কোনো অনিয়ম ছিল কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চিকিৎসা নথি পর্যালোচনা প্রয়োজন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০