চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৮:২৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৮:২৮:৩৩ অপরাহ্ন

চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শিপইয়ার্ডে জাহাজটি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনকাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। দুর্ঘটনার সময় জাহাজে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এপি জানিয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘Ocean Melody’ হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। দুর্ঘটনার সময় মেরামতের জন্য জাহাজটি কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে অবস্থান করছিল।

শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বড় প্রতিষ্ঠানের অধীন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০