সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ এবং দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলির তদারকি ও সমন্বয়সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। লক্ষ্মীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম সভা।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ
মন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে সমাজকে সঠিকভাবে খাপ খাইয়ে নিতে হয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব সমস্যার সমাধানের দায়িত্ব শুধু রাষ্ট্রের ওপর ছেড়ে দিলে হবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন। দেশের কল্যাণে তারাও শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।
সভায় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ভার্চ্যুয়ালি যুক্ত হন।
আগস্টে ২০৮ অপরাধ
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিচারাধীন মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে লক্ষ্মীপুর জেলায় মোট ২০৮টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৬টি, মাদকসংক্রান্ত অপরাধ ৬৬টি এবং অন্যান্য অপরাধ ৯১টি।
এ ছাড়া আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় ৮৫২টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে পেন্ডিং গ্রেফতারি পরোয়ানার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪টিতে। পরোয়ানা তামিলের হার আরও বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
৬৫ অবৈধ ইটভাটা বন্ধ
পরিবেশ সুরক্ষায় জেলার বিভিন্ন কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হয়। অবৈধ ইটভাটা বন্ধ, জমির টপসয়েল কর্তন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, গত এক বছরে প্রশাসনের অভিযানে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। বিভিন্ন আইনে মোট ১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একই সময়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৬টি অভিযান চালিয়ে ১৬টি মামলা করা হয়েছে এবং ১৫ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জমির টপসয়েল কর্তন বন্ধে ৬৬টি অভিযান চালিয়ে ৫৯টি মামলা করা হয়েছে। এসব ঘটনায় ৩৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আট মাসে মাদকবিরোধী ৯৮৭ অভিযান
মাদকবিরোধী কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সভায় জানানো হয়, জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯৮৭টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৮৯টি মোবাইল কোর্ট মামলা ও ৫১টি নিয়মিত মামলাসহ মোট ২৪০টি মামলা হয়েছে।
এ সময় ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা এবং ২৮ দশমিক ৮৫৯ কেজি গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি খাল-বিল ও নদ-নদী দূষণ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং অবৈধ দখল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
সমন্বিত উদ্যোগের তাগিদ
সভায় জেলার চলমান সড়ক উন্নয়নকাজের কারণে জনদুর্ভোগ, পৌর এলাকায় অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল, অবৈধ ইটভাটা, মাদক ও পরিবেশদূষণসহ বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরের জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।