ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও বৈঠকে একমত হন তারা।