সালমান খানের গান নিয়ে সোনু নিগমের ‘রোস্ট’—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। তবে ভিডিওটি সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সোনু নিগম। তার দাবি, ভিডিওতে তার যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটি সালমান খানের গানকে ঘিরে ছিল না।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সালমান খানের প্রযোজনা সংস্থা ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেয়। ওই পোস্টে গানটির সুরকার আমাল মালিকের নাম উল্লেখ না থাকায় আপত্তি জানান আমাল। পরে পোস্টটি সংশোধন করে তার নাম যুক্ত করা হলেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়।
এর মধ্যেই একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সালমান খান ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি গাইছেন। সেই দৃশ্যের সঙ্গে সোনু নিগমের মুখভঙ্গি ও কপালে হাত দেওয়ার দৃশ্য যুক্ত করা হয়েছে। ভিডিওতে এমন কথাও শোনা যায়, ‘অনেক দিন পর ভালো কিছু শুনলাম, এমন গান শুনলে আমি কেঁদে ফেলব।’
ভিডিওটির ওপর ‘সোনু নিগম রোস্ট সালমান খান সিংগিং’ লেখা থাকায় অনেকেই ধরে নেন, সালমানের গান শুনেই সোনু এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।
পরে ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম ফিডে শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন সোনু। তিনি জানান, পুরোনো একটি ভিডিও সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি সালমান খানের গান নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আসলে তার ওই প্রতিক্রিয়া ছিল পাকিস্তানি এক কিশোরী গায়িকার গান শুনে।
সোনু লেখেন, ইন্টারনেটে ‘অপ্রত্যাশিত’ কিছু দেখা যেতেই পারে। তিনি জানান, ভিডিওটি পাকিস্তানি কিশোরী গায়িকার গান শোনার সময় তার দেওয়া পুরোনো প্রতিক্রিয়া থেকে নেওয়া হয়েছে।
গায়ক অনীশ ম্যাথিউও মন্তব্য করে জানান, তিনি মূল ভিডিওটি মনে করতে পারছেন। তার দাবি, সোনু নিগম পাকিস্তানি গায়িকা হাদিয়া হাশমির ‘বল হু’ গান শোনার পর ওই প্রতিক্রিয়া দিয়েছিলেন।
২০২০ সালে হাদিয়া হাশমির ‘বল হু’ পরিবেশনার একটি ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোনু নিগম। সে সময় তিনি গানটির প্রশংসা করে বলেছিলেন, অনেক দিন পর কোনো গান তাকে এভাবে আবেগপ্রবণ করেছে। অভিনেতা জাভেদ জাফরি তাকে গানটি শুনতে পাঠিয়েছিলেন বলেও জানিয়েছিলেন সোনু। গানটি শুনে তার চোখে পানি চলে এসেছিল বলেও তিনি উল্লেখ করেছিলেন।
এদিকে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি নিয়ে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত হয় সালমান খান ফিল্মসের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে ঘিরে। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ সিনেমার গানটির সুর করেছেন আমাল মালিক। গানটি গেয়েছিলেন সালমান খান। এর রিপ্রাইজ সংস্করণে কণ্ঠ দেন আরমান মালিক।
পোস্টে আমালের নাম না থাকায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। পরে পোস্টটি সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। তবে এরপর আমাল ও আরমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। দুজনই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রতিক্রিয়া জানান।
এই বিতর্কের মধ্যেই সোনু নিগমের পুরোনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় সেটি নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। পরে সোনুর বক্তব্যে স্পষ্ট হয়, ভাইরাল ভিডিওতে দেখা তার প্রতিক্রিয়ার সঙ্গে সালমান খানের গান নিয়ে সাম্প্রতিক বিতর্কের কোনো সম্পর্ক নেই।