সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১০:৩৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:৩৪:৫৬ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা কামনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জার্মানি যাওয়ার পথে ভুটানের প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এ সাক্ষাৎ হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের দুই মন্ত্রী। এ সময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও স্মরণ করা হয়। দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। বিশেষ করে এ প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানানো হয়।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সমর্থন চাওয়া হয়। আঞ্চলিক সংস্থাটিকে সক্রিয় করার বিষয়ে বাংলাদেশ সাম্প্রতিক সময়েও নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রী বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন। পরে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০