রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ আজ

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৮:০১:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৮:০১:৫৭ পূর্বাহ্ন

আট দফা দাবি নিয়ে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর এটি জোটটির দ্বিতীয় বড় কর্মসূচি।

কর্মসূচির অন্যতম নতুন দাবি হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করেছে জোটটি। এর আগে ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৮টার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা হওয়ার কথা রয়েছে। রাতে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, লংমার্চে এক হাজারের বেশি যানবাহন যুক্ত হতে পারে। তিনি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে সরকার, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি নেতাকর্মীদের ধৈর্য ও সংযমের সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

লংমার্চকে কেন্দ্র করে ঢাকা থেকে রংপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ও মহানগর পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির বিভিন্ন পর্যায়ে শৃঙ্খলা, নিরাপত্তা, চিকিৎসা, পরিবহন ও গণমাধ্যম সমন্বয়ের জন্য আলাদা টিম দায়িত্ব পালন করবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০