ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১১:৩৪:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১১:৩৪:২০ পূর্বাহ্ন

ল্যাপটপ এখন অফিসের কাজ, পড়াশোনা থেকে শুরু করে বিনোদনেরও অন্যতম মাধ্যম। তবে ল্যাপটপের পাশাপাশি এর চার্জারের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি। ত্রুটিপূর্ণ চার্জার থেকে ল্যাপটপের ক্ষতির পাশাপাশি শর্ট সার্কিট, অতিরিক্ত গরম হওয়া এমনকি আগুন লাগার মতো ঘটনাও ঘটতে পারে। তাই চার্জারে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করাই ভালো।

চার্জিংয়ের সময় চার্জার বা অ্যাডাপ্টার কিছুটা গরম হওয়া স্বাভাবিক। তবে সেটি যদি এতটাই গরম হয়ে যায় যে হাতে ধরতে কষ্ট হয়, তাহলে সতর্ক হতে হবে। বারবার অতিরিক্ত গরম হওয়ার পেছনে ভেতরের ইলেকট্রনিক যন্ত্রাংশের ত্রুটি বা বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা থাকতে পারে। এমন পরিস্থিতিতে চার্জারের ব্যবহার বন্ধ করে তা পরীক্ষা করানো উচিত।

চার্জারের কেবলে কাটা দাগ, বাইরের আবরণ উঠে যাওয়া কিংবা ভেতরের তার দেখা গেলে সেটি ব্যবহার করা নিরাপদ নয়। ক্ষতিগ্রস্ত কেবল থেকে বিদ্যুৎ লিকেজ বা শর্ট সার্কিটের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে কেবল বাঁকালে যদি বারবার চার্জিং বন্ধ বা চালু হয়, তাহলে কেবলটি পরিবর্তন করা প্রয়োজন।

চার্জার থেকে পোড়া গন্ধ বের হওয়াও গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। একই সঙ্গে অস্বাভাবিক শব্দ, অ্যাডাপ্টার বা প্লাগে কালো দাগ এবং গলে যাওয়া প্লাস্টিক দেখা গেলেও দ্রুত চার্জারের ব্যবহার বন্ধ করতে হবে।

ল্যাপটপ চার্জ দেওয়ার সময় বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়া কিংবা চার্জিং পোর্টের প্লাগ নাড়াচাড়া করে সংযোগ ঠিক রাখতে হওয়াও সমস্যার লক্ষণ। এ ক্ষেত্রে শুধু চার্জার নয়, ল্যাপটপের চার্জিং পোর্টেও ত্রুটি থাকতে পারে।

চার্জার পরিবর্তনের প্রয়োজন হলে ল্যাপটপের জন্য নির্ধারিত ভোল্টেজ ও পাওয়ার রেটিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চার্জার বেছে নেওয়া উচিত। পাশাপাশি নির্ভরযোগ্য ব্র্যান্ড ও মানসম্মত পণ্য ব্যবহার করা নিরাপদ। চার্জার অতিরিক্ত গরম হওয়া, কেবল ক্ষতিগ্রস্ত হওয়া বা পোড়া গন্ধ বের হওয়ার মতো লক্ষণ দেখা দিলে নষ্ট হওয়ার অপেক্ষা না করে দ্রুত ব্যবস্থা নেওয়াই ভালো।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০