গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০২:১৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০২:১৪:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় ঐক্যের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন। তাঁর দাবি, গণভোটের গণরায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের সামনে অন্য কোনো পথ নেই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘১১ দলের গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। এই রাজপথ থেকে বিদায় নিয়ে আমরা ঘরে ফিরব। গণভোটের গণরায়কে কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের ভিন্ন কোনো পথ নেই।’

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার কথা বলছে। তাঁর অভিযোগ, ‘আধিপত্যবাদী শক্তিগুলো’ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে হস্তক্ষেপ করছে।

তিস্তা ব্যারাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, এ বিষয়ে ‘লুকোচুরি’ আর মেনে নেওয়া হবে না। তিনি শহীদ শরীফ ওসমান হাদী, ইলিয়াস আলীসহ যাঁদের গুম, হত্যা বা হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে বলে তিনি দাবি করেন, তাঁদের ঘটনার বিচার দাবি করেন।

ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো বিচার বিভাগের কাছে হস্তান্তর না করার অভিযোগ তুলে তিনি বলেন, এ নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা হলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাঁরা সফল হওয়ার চেষ্টা করবেন।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করছে জোটটি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০