নায়ক রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন?

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০২:২২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০২:২২:২৫ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে অভিনয় ও জনসম্মুখ থেকে অনেকটাই আড়ালে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। এরই মধ্যে নতুন করে তার দেশ ছাড়ার খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে গোপনে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে রিয়াজ বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন রয়েছে—১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন রিয়াজ। তবে বিমানবন্দরের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, এ ধরনের কোনো তথ্য তাদের নজরে আসেনি। তিনি স্থলবন্দর দিয়েও দেশ ছাড়তে পারেন বলে মন্তব্য করেছে সূত্রটি।

এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতেও যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তবে সে সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা আলোচনা রয়েছে।

দীর্ঘদিন ধরে এফডিসি বা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি এই অভিনেতাকে। প্রতিবেদনে বলা হয়েছে, তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

জামিন আবেদন ঘিরেও আলোচনা

চলতি মাসের ৩ সেপ্টেম্বর আবারও আলোচনায় আসেন রিয়াজ। ওই দিন খবর প্রকাশ হয়, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়েছেন তিনি। হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেতা। তবে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেননি।

রিয়াজের দীর্ঘ অনুপস্থিতি ঘিরে এর আগেও বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। পরে তার স্ত্রী সেটিকে ভিত্তিহীন বলে জানান এবং রিয়াজ ভালো আছেন বলে জানিয়েছিলেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ কারণে নতুন করে তার দেশত্যাগের খবর সামনে এলেও সেটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ফলে রিয়াজ বর্তমানে দেশে নাকি বিদেশে—তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

অভিনয়জীবন

একসময় বিমানবাহিনীতে প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন রিয়াজ। নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন।

‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হাজার বছর ধরে’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’ ও ‘মোল্লাবাড়ির বউ’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ। পাশাপাশি হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটকেও দেখা গেছে তাকে।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’, যা ২০২২ সালে মুক্তি পায়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০