যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফিরতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে তেহরানের এ অবস্থানের কথা জানিয়েছেন।
শনিবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, বিদেশে থাকা ইরানের জব্দ অর্থ ছাড় এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার—এই তিনটি শর্ত পূরণ করতে হবে। তিনি জানান, শর্তগুলো মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরের অপেক্ষায় রয়েছে।
রেজাই বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তবে শর্তগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ ছাড়া সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার সংঘাতেরও অবসান চান বলে জানান রেজাই। তার দাবি, হুথিরাও সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।