মঞ্চে ‘বুক চেপে’ পড়ে গেলেন সালমান, কি হয়েছিল?

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৭:১৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৭:১৫:৩৯ অপরাহ্ন

‘বিগ বস ২০’-এর নতুন প্রচারচিত্র প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সালমান খানের একটি দৃশ্য। সেখানে বুক চেপে যন্ত্রণায় মাটিতে পড়ে যেতে দেখা যায় তাকে। দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করেন, শারীরিক কোনো সমস্যায় পড়েছেন অভিনেতা। পরে জানা যায়, এটি বাস্তব কোনো ঘটনা নয়; অনুষ্ঠানের প্রচারচিত্রেরই অংশ।

বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন সালমান। তিনি জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় তিনি সুস্থ আছেন। প্রচারচিত্রের সম্পাদনার ধরন থেকেই দর্শকদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সূত্রপাত ‘বিগ বস’-এর প্রতিযোগী কাজি তৌকিরকে ঘিরে। একটি টাস্কের পর কাজি এমনভাবে ওষুধ চাইতে থাকেন যে, ঘরের অন্য সদস্যরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিস্থিতি দেখে তাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে চিকিৎসকের সামনে কাজি জানান, তার আসলে কোনো শারীরিক সমস্যা হয়নি। খেলাটির অংশ হিসেবেই তিনি অসুস্থতার অভিনয় করেছিলেন। দর্শকদের বিনোদন দেওয়াই ছিল তার উদ্দেশ্য।

বিষয়টি ভালোভাবে নেননি সালমান। তার মতে, অসুস্থতার অভিনয় করায় ঘরের অন্য সদস্যরা সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তারা জানতেন না যে ঘটনাটি অভিনয়। এ ধরনের আচরণ অন্যদের অযথা মানসিক চাপের মধ্যে ফেলতে পারে বলেও তিনি মনে করেন।

কাজিকে বিষয়টির নেতিবাচক দিক বোঝানোর পরই প্রচারচিত্রে দেখা যায় সালমানের ওই দৃশ্য। সেখানে তিনিও বুক চেপে মাটিতে পড়ে যান। প্রচারচিত্রের ওই অংশ আলাদাভাবে ছড়িয়ে পড়ায় দর্শকদের একাংশ মনে করেন, বাস্তবেই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা।

পরে সালমান জানান, কাজিকে যে ধরনের আচরণের জন্য সতর্ক করেছিলেন, প্রচারচিত্রে তার নিজের দৃশ্যটিও অনেকটা একইভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে দর্শকদের বিভ্রান্ত হওয়ার কারণ তৈরি হয়েছে।

প্রচারচিত্রের সম্পাদনা নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি এ ধরনের উপস্থাপনার জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সালমান। একই সঙ্গে নিজের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০