বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৭:৪৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৭:৪৮:৫৭ অপরাহ্ন
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার ও খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় অবস্থিত নূর বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
অভিযানকালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়।
এ ছাড়া খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, অপরিষ্কার কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত এবং ময়লা মেঝেতে প্রস্তুত করা পাউরুটি ফেলে রাখার মতো অনিয়মও পাওয়া যায়।
এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিকে, এসব অনিয়মের বিষয়ে নূর বেকারির মালিকের কাছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যাও তলব করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে নূর বেকারির মালিককে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ পরিবেশে খাদ্য উৎপাদন এবং সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০