ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০১:২০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০১:২০:০৩ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে সাধারণ নাগরিক, তরুণ প্রজন্ম ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক তৎপরতা কিংবা মশা নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধের সঠিক বার্তা ছড়িয়ে দিতে এ মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে।

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিকসহ নানা ধরনের সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া যেতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এ প্রচারণায় যুক্ত হয়েছেন বলেও জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সহজ ও আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কনটেন্ট ক্রিয়েটররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সৃজনশীল ভিডিও, ছবি, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের প্রয়োজনীয় বার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বাড়ি, আঙিনা ও কর্মস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০