অভূতপূর্ব সাফল্যের পরও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যে সাম্প্রতিক বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনির সম্ভাব্য বিদায় নিয়ে জল্পনা বাড়লেও কোচকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দলের খেলোয়াড়েরা।
মঙ্গলবার বুয়েনস এইরেসের অনুশীলন কেন্দ্রে যোগ দিয়ে স্কালোনির প্রতি নিজেদের সমর্থনের কথা জানান জাতীয় দলের সদস্যরা। ৪৮ বছর বয়সী এই কোচের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আলোচনা এখনো চলমান রয়েছে।
তরুণ মিডফিল্ডার নিকো পাজ তার ক্যারিয়ারে স্কালোনির অবদানের কথা তুলে ধরে বলেন, ‘আমার কাছে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন কোচ। তিনিই আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন। আশা করি তিনি থেকে যাবেন।’
অভিজ্ঞ সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোও স্কালোনির থাকার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমরা আশা করি তিনি থেকে যাবেন। এই জাতীয় দল গড়ে তোলার মূল কারিগর তিনিই, তাই স্বাভাবিকভাবেই আমরা চাই তিনি চালিয়ে যান।’
গোলরক্ষক হুয়ান মুসো বলেন, স্কালোনির অর্জন এবং দলের সঙ্গে তার গড়ে তোলা সম্পর্কের কারণে পুরো শিবিরে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।
বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি বলেন, সাম্প্রতিক সময়ে স্কালোনি জাতীয় দলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন এবং তার সাফল্যে আর্জেন্টিনার মানুষ আনন্দ পেয়েছে।
আট বছরের দায়িত্বে স্কালোনি আর্জেন্টিনার হয়ে ১০৪টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দল ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জিতেছে। এ সময়ে আর্জেন্টিনা ৭৬টি ম্যাচে জয়, ১৮টিতে ড্র এবং ১০টিতে হার দেখেছে। এর মধ্যে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ে দলটি।