এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৮:২৩:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৮:২৩:৩৯ অপরাহ্ন

বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তুলে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল হক বলেন, কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে।

বিদেশে যেতে গিয়ে অনেক মানুষ দালালের মাধ্যমে প্রতারিত হচ্ছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রবাসী কর্মীদের বিদেশ যাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য কাজ করা হচ্ছে। দালালদের দৌরাত্ম্য বন্ধে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দেওয়ার সুযোগ রাখা হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. ইরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০