আসন্ন এসিসি নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্ব দেবেন সাদিয়া ইসলাম। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন নিশিতা আক্তার নিশি।
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ট্রিপল রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এ সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সাদিয়া ইসলাম (অধিনায়ক), নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), আরিফত্রী নির্ঝনা মন্ডল, মায়মুনা নাহের, অচেনা জান্নাত ইমন্তা (উইকেটকিপার), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন (উইকেটকিপার), তিথি দাস অপূর্ণা, আফ্রিন মিমি, ফারজানা ইয়াসমিন মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শিল ও জান্নাতুল ফেরদৌসী।
ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী, ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৬ অক্টোবর আবার পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ৮ অক্টোবর শ্রীলঙ্কা, ১১ অক্টোবর পাকিস্তান এবং ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
১৬ অক্টোবর সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।