চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:০৫:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:০৫:৫৭ পূর্বাহ্ন

চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে শি জিনপিংয়ের উদ্দেশে লেখা চিঠিটি তুলে দেন। চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় ও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় ডা. শফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অনুষ্ঠানে অংশ নেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০