জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১১:১৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:১৩:৫২ পূর্বাহ্ন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মধ্যে সৌদি আরবকে সহায়তার উপায় নিয়ে জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট। জোটের সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করে সামরিক প্রধানদের জরুরি বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান জানানো হয়নি।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অংশ নেন। তারা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সহায়তার উপায় নিয়ে আলোচনা করেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, জোটের কোনো একটি সদস্যের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত আগস্টে এ চুক্তিতে সই করে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে সৌদি কর্তৃপক্ষ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। এ পরিস্থিতিতে তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতার আওতায় জরুরি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউইয়র্কের বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক পরিস্থিতি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়েও আলোচনা করেন। তারা উত্তেজনা কমানো এবং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০