মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৫:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৫:৪২ পূর্বাহ্ন

লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান রোমেরো। কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক হিসেবে আগে থেকেই বিবেচনায় ছিলেন রোমেরো।

বিশ্বকাপের পর নতুন আন্তর্জাতিক সূচিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এসব ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি রোমেরোকে অধিনায়ক করার কথা জানান।

স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান)। লিও (লিওনেল মেসি) ও ওতা’র (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও (মার্টিনেজ) আর্মব্যান্ড পরতে পারে। আসন্ন প্রথম দুটি ম্যাচ না খেললেও রদ্রিগো (ডি পল) এটি পরতে পারে। লাউতারোও (মার্টিনেজ) পরতে পারে। কুতিই উপযুক্ত ব্যক্তি।’

২৮ বছর বয়সী রোমেরো এর আগে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি। একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও তিনি অধিনায়ক ছিলেন।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলের নেতৃত্বে রোমেরোর দায়িত্ব আরও বাড়বে। বিশেষ করে রক্ষণভাগে সতীর্থদের সংগঠিত করা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।

তবে ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকলেও আপাতত রোমেরোকেই মেসির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন স্কালোনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০