মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব নতুন সুবিধা

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১১:৩১:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:৩১:২৭ পূর্বাহ্ন

ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী মিউজে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করছে মেটা। ডিজিটাল অবতার, স্মার্ট চশমার সঙ্গে সংযোগ, ম্যাক কম্পিউটার নিয়ন্ত্রণ, আলাদা ই-মেইল ঠিকানা এবং অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন কাজে মিউজকে আরও সক্ষম করে তোলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার বার্ষিক ‘কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে এসব নতুন সুবিধা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সেপ্টেম্বরের শুরুতে মিউজ চালু করা হয়। এটি মেটার ‘মিউজ স্পার্ক’ মডেল ব্যবহার করে এবং ব্যবহারকারীর বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত হয়ে দৈনন্দিন কাজ সম্পন্ন করতে পারে।

মিউজে যুক্ত হচ্ছে রিয়েলটাইম ডিজিটাল অবতার। ‘মিউজ রিয়েলটাইম অ্যাভাটার’ মডেলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের এআই এজেন্টের একটি অবতার তৈরি করতে পারবেন। মেটার তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি রিয়েলটাইমে ভিডিও তৈরি করতে পারে এবং অবতারের মুখের অভিব্যক্তি ও ঠোঁটের নড়াচড়া কণ্ঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। জাকারবার্গ প্রদর্শিত অবতারটির নাম দিয়েছেন ‘জলি’।

স্মার্ট চশমার সঙ্গেও মিউজ যুক্ত হচ্ছে। আগামী কয়েক মাসে এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। ব্যবহারকারী এজেন্টের নাম উচ্চারণ করে মিউজ সক্রিয় করতে পারবেন। এরপর চশমায় দেখা কোনো পণ্য, পোস্টার বা অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে কিংবা সংশ্লিষ্ট কোনো কাজ করতে মিউজকে নির্দেশ দেওয়া যাবে।

মিউজের ম্যাক সংস্করণেও যুক্ত হচ্ছে কম্পিউটার ব্যবহারের সুবিধা। ব্যবহারকারীর অনুমতি নিয়ে মিউজ ম্যাকের বিভিন্ন অ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবে। এমনকি ব্যবহারকারী কম্পিউটার থেকে দূরে থাকলেও আগে দেওয়া কাজ ব্যাকগ্রাউন্ডে চালিয়ে যেতে পারবে।

এ ছাড়া মিউজের জন্য আলাদা একটি ই-মেইল ঠিকানা তৈরির ঘোষণা দিয়েছে মেটা। এর মাধ্যমে মিউজ বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে এবং ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের আরেকটি মাধ্যম হিসেবেও ই-মেইল ঠিকানাটি ব্যবহার করা যাবে।

অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও মিউজের সক্ষমতা বাড়ানো হচ্ছে। শুরু থেকেই মিউজ শপিফাইয়ের পণ্য তালিকায় প্রবেশের সুবিধা পেয়েছে। নতুন করে ওয়ালমার্ট, বেস্ট বাই, গ্যাপ, সেফোরা, ওয়েফেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং শপ পে ও পেপালের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা যুক্ত হচ্ছে। এক্সপিডিয়া ও ইনস্টাকার্টের মতো সেবাও সামনে যুক্ত হওয়ার কথা জানিয়েছে মেটা।

কাজের ক্ষেত্রেও মিউজের সংযোগ বাড়ানো হচ্ছে। নোশন, গ্রানোলা, গিটহাব ও বক্সের মতো সেবার সঙ্গে সংযোগের ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির ভাষ্য, ভবিষ্যতে আরও সেবা ও প্রতিষ্ঠানের সঙ্গে মিউজকে যুক্ত করা হবে।

মিউজকে কেন্দ্র করে বড় পরিসরের ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে মেটা। প্রতিষ্ঠানটির মতে, মিউজ এমন একটি এআই সহকারী হিসেবে কাজ করবে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজ থেকে শুরু করে দীর্ঘমেয়াদি বিভিন্ন লক্ষ্য পূরণে সহায়তা করতে পারবে। মেটা জানিয়েছে, মিউজের অধিকাংশ মৌলিক সুবিধা বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকবে; অতিরিক্ত ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন সুবিধাও থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০